চার মামলার রহস্য উন্মোচন, অস্ত্র লুটকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:১০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি অস্ত্র ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত অস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ।

পুলিশ জানায়, চীনা নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের ডেকে আনা হতো। পরে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে তাদের চোখ-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে রূপগঞ্জের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ সময় তাদের কাছে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন জানান, গত ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন সংঘটিত পৃথক তিনটি ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। এসব মামলার তদন্তে নেমে পুলিশ অস্ত্র লুটকারী চক্রটির সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এর আগে ঢাকা মহানগরের ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর