চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষক দম্পতি নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:১৪ পিএম

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে। তারা উভয়েই চট্টগ্রাম চকবাজারস্থ ডিসি রোডের লিটলস স্টার স্কুল এন্ড কলেজের শিক্ষক বলে জানাগেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরের চকবাজার এলাকার ডিসি রোডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে একটি কাভার্ড ভ্যান স্কুটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন