জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৩জুন) সকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, সরকারি কার্যালয় ও শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীন সফরে রয়েছেন এবং এ সফরে সৌরবিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কিছু চুক্তি হতে পারে।

‘জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক ওই সেমিনারে খাতটির উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতাও তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের মাধ্যমে পাকিস্তান স্বল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে।

বক্তারা বলেন, জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ কার্যকর বিকল্প উৎস হিসেবে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতিগত সহায়তা এবং প্রয়োজনীয় প্রণোদনা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন