সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সকালে সংসদের অধিবেশন শুরু হয়।

জাহিদ হোসেন বলেন, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ভাতার তালিকা পুনর্যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর