গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি ভ্যান ঠেলে চালককে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য। ঘটনাটির ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার ভ্যানচালকের দুর্ভোগ দেখে নিজেই ভ্যানটি ঠেলে তাকে সহায়তা করছেন।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এমপির মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ স্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
হাসান মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন- স্যার, আপনার কাজে আমরা সাধারণ মানুষ মুগ্ধ। আপনার মতো একজন সাদাসিধে জনপ্রতিনিধিই আমাদের প্রত্যাশা।
ফরহাদ নামে আরেকজন মন্তব্য করেন, ভালো কাজ। তবে রাস্তাগুলো সংস্কার করে দিলে জনগণ দীর্ঘমেয়াদে উপকৃত হবে—সেটিও মাথায় রাখা উচিত স্যার।
আলমগীর নামে আরেক নেটিজেন লেখেন, মাশাআল্লাহ। সুন্দরগঞ্জে বারবার এমন এমপি দেখতে চাই। আল্লাহ এমপি স্যারকে নেক হায়াত দান করুন, আমিন।
অন্যদিকে তারিকুল ইসলাম নামে একজন মন্তব্য করেন- কিছু মনে করবেন না জনাব, এগুলো সস্তা রাজনৈতিক কৌশল। উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারলেই ভবিষ্যতে দ্বিতীয়বার সুযোগ পাবেন।
এ বিষয়ে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে গিয়ে দেখি ভাঙা কাঁচা সড়কে মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান আটকে আছে। চালক কারো সহায়তার অপেক্ষায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই ভ্যানটি ঠেলে তাকে সহযোগিতা করেছি, এর বেশি কিছু নয়।
