চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা (শিপ ব্রেকিং) শিল্প এলাকায় সড়ক অবরুদ্ধ করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মাহিনুল ইসলাম।
বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানান ওসি মাহিনুল ইসলাম।
গ্রেফতারকৃত রমজান আলী (রমজান বলি নামে পরিচিত) সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরী ঘাটা মাদরাসা রোড এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘ দিন ধরে শীতলপুর এলাকায় সাগরিকা ও বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রধান ফটকের সামনের প্রধান রাস্তায় টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এর ফলে ওই এলাকার অন্তত পাঁচটি শিপইয়ার্ডের লোহাসহ বিভিন্ন মালামাল ক্রয়-বিক্রয় ও ট্রাক চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। শুধু তাই নয়, বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রমজান। চাঁদা না দিলে শিপইয়ার্ডে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের হুমকিও দেওয়া হয়।
এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় সাগরিকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী ও আরাফাতসহ অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
