সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫,২১,৯২২টি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম

গত ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদ রয়েছে ১৯,৮৬,২৭২টি এবং শূন্য পদ রয়েছে ৫,২১,৯২২টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। এ সব শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে বলেও তিনি জানান। 

মঙ্গলবার( ৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেন, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী সরকারি অফিসসমূহে অনুমোদিত পদ রয়েছে ১৯,৮৬,২৭২টি এবং শূন্য পদ রয়েছে ৫,২১,৯২২টি ৷ শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। 

কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য এবং নিয়োগের অধিযাচন প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে।

এছাড়া, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ-কে অনুরোধ করা হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর