পে-স্কেল ও নতুন ঋণ নিয়ে ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

স্টাফ করেসপন্ডেন্টআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ৫ দিনের সফরে আগামীকাল রোববার  ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ চুক্তি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিদলের সদস্যরা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনায় আসতে পারে। বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় সামষ্টিক অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও আইএমএফের আগ্রহ থাকতে পারে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় করা ঋণ চুক্তির পরিবর্তে নতুন সংস্কার কর্মসূচির আওতায় আইএমএফের কাছে নতুন ঋণ প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের পুনর্গঠন, রাজস্ব সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে রাজস্বনীতি, বাজেট ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আইএমএফ প্রতিনিধিদলের এ সফরকে দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ ঋণ সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর