‘মেস কে উন ক্লাব’ স্পেনের কাতালুনিয়া অঞ্চলের এ কথাটি বাংলা ‘ক্লাবের চেয়ে বেশি কিছু’। স্প্যানিশ লিগ লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা সমর্থকরা ক্লাবের প্রতি সম্মান জানিয়ে এই স্লোগান দেন। কিন্তু কাতালানরা বিখ্যাত স্লোগানের মর্যাদা আর ধরে রাখতে পারেনি; কিন্তু তাদের বাস্ক প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিক বিলবাও ক্লাব ঠিকই তা অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
যদিও বার্সেলোনা এখনো দাবি করে তারা ‘একটি ক্লাবের চেয়েও বেশি কিছু’। কিন্তু আজ আর তার বাস্তব ভিত্তি নেই। অর্থের তাড়নায় জার্সির স্পন্সর থেকে শুরু করে স্টেডিয়ামের নাম- সবই বেঁচে দিয়েছে তারা। সাবেক সভাপতি বার্তোমেউর অপরিণামদর্শী সিদ্ধান্তের পর বর্তমান সভাপতি লাপোর্তা ক্লাবের ভবিষ্যৎ বাজি রেখে সাময়িক সাফল্যের পথ বেছে নিয়েছেন। এতে তারা হয়তো শিরোপা জয়ের লড়াইয়ে আছে; কিন্তু হারিয়েছে নিজেদের অনন্য মর্যাদা। অন্যদিকে, অ্যাথলেটিক ক্লাব আজও বিচ্যুত হয়নি তাদের মূল ভাবাদর্শ থেকে।
২০২৪ সালে কোপা দেল রে শিরোপা জয়ের মাধ্যমে অ্যাথলেটিকের ৪০ বছরের দীর্ঘ ট্রফি খরা কাটান কোচ আর্নেস্টো ভালভার্দে। যদিও তিনি বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি জেতেন। তবে তিনি অ্যাথলেটিকের হয়ে শিরোপা জয়কেই ক্যারিয়ারের সেরা অর্জন বলে ঘোষণা দেন। কারণ, এটি কেবল একটি ট্রফি জয় ছিল না; বরং আধুনিক ফুটবলের সর্বগ্রাসী টাকার খেলায় নিজেদের নীতি বিসর্জন না দিয়েও যে সফল হওয়া সম্ভব- এই জয় ছিল তারই জীবন্ত প্রমাণ।
অ্যাথলেটিক ক্লাব শুধু বিলবাওয়ের দল নয়, বাস্ক সংস্কৃতির এক অপ্রতিরোধ্য প্রতীক। শতবর্ষের বেশি সময় ধরে তারা কেবল বাস্ক অঞ্চলের ফুটবলের পাঠ নেওয়া খেলোয়াড়দের নিয়েই দল গঠন করে আসছে। প্রায় ৩০ লাখ জনসংখ্যার এক ছোট অঞ্চল নিয়ে দল গড়েও শক্তিশালী তৃণমূল একাডেমি আর সমর্থকদের ভালোবাসাকে কাজে লাগিয়ে তারা সেরা পর্যায়ে লড়াই করে যাচ্ছে। খেলোয়াড়দের কাছে এই ক্লাব জীবনের অবিচ্ছেদ্য অংশ।
১৯৮৪ সালের পর প্রথম বড় শিরোপা জয়ে বিলবাও নদীর বুকে ঐতিহ্যবাহী ‘লা গাবাররা’ নৌ শোভাযাত্রায় মেতে ছিল প্রায় ১০ লাখ মানুষ। আধুনিক ফুটবলের চরম বাণিজ্যিকীকরণে যখন বিশ্বজুড়ে সমর্থকরা হতাশ, তখন অ্যাথলেটিক ক্লাব এক পরম স্বস্তি। তারা প্রমাণ করেছে- আনুগত্য আজও বেঁচে আছে। দিনশেষে, বার্সেলোনা নয়, অ্যাথলেটিকই ফুটবলের আসল সৌন্দর্য ও কোটি সমর্থকের আশা-বিশ্বাসের প্রতীক।
সূত্র: গোলডটকম।
