অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

নওগাঁয় অটোরিকশার চার্জের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন। বাড়ির ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত চার্জারের সকেটে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

এ সময় বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সফিজ উদ্দিনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন