নেপালের ঘটনাকে নোয়াখালী সরকারি হাসপাতালের সামনের ঘটনা দাবিতে প্রচার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

সম্প্রতি, ‘টাকা না দেওয়ার কারণে নোয়াখালী সরকারি হাসপাতাল থেকে একজন মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত পেটের ব্যথায় রাস্তায় বাচ্চা জন্ম দিতে বাধ্য হয়েছেন’- এমন ক্যাপশনে দুইটি ছবি যুক্ত করে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্ট দেখুন- এখানে, এখানে এবং এখানে।

অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে নোয়াখালী সরকারি হাসপাতাল এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, নেপালের ঘটনাকে বাংলাদেশের নোয়াখালীর দাবিতে প্রচার করা হচ্ছে।

শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, নোয়াখালীর স্থানীয় সাংবাদিক নাসিম শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি ভুয়া। আমি হাসপাতাল এবং পুলিশের সঙ্গেও কথা বলেছি।’

নোয়াখালী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজিব আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করে কালবেলা। তিনি বলেন, এটি আসলে সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার প্রক্রিয়া চলমান।’

ছবি সম্পর্কে যা জানা গেল 

আলোচিত দাবির সঙ্গে যুক্ত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে কালবেলা। অনুসন্ধানে নেপালের অনলাইনভিত্তিক গণমাধ্যম Pramukh Khabar এর ওয়েবসাইটে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি মিল রয়েছে।

Pramukh Khabar এর প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের সপ্তারী জেলার রাজবিরাজে অবস্থিত গজেন্দ্র নারায়ণ সিং সাগরমাতা জোনাল হাসপাতাল প্রাঙ্গণে এক নারী সন্তান প্রসব করেছেন। সেই ঘটনার ছবি এগুলো।

নেপালের আরেকটি গণমাধ্যম ক্লিক মুন্ডুতে প্রচারিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ঘটনাটি গত ৯ সেপ্টেম্বর রাতের। ববিতা পাসওয়ান নামের এক নারী প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসেন। প্রথমে কিছু পরীক্ষা দেওয়া হয়; যার বিল আসে তিন হাজার টাকা। কিন্তু, ববিতার পরিবারের কাছে এতো অর্থ না থাকায় বিল পরিশোধ করতে পারেনি। তখন চিকিৎসা সেবা ব্যাহত হয়। পরবর্তীতে রাত চারটার দিকে গজেন্দ্র নারায়ণ সিং সাগরমাতা জোনাল হাসপাতালের গেটের সামনে ববিতা সন্তান প্রসব করেন।

অর্থাৎ, ঘটনা এবং ছবিগুলোও বাংলাদেশের নোয়াখালীর নয় নেপালের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন