চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র মামলার আসামি মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী থানার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইদ্রিস দক্ষিণ পাহাড়তলী এলাকার প্রয়াত ফেজু মিয়া ওরফে হামিদ আলীর ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার অস্ত্র আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস ওই এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের একটি দল নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর ইদ্রিসকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
