সার বিতরণে ডিলারদের কমিশন বাড়িয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি- এই চার ধরনের সারের ক্ষেত্রে ডিলার পর্যায়ে প্রতি কেজিতে কমিশন ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এসব সারের বিক্রয়মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি।
নতুন এ কমিশন হার আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিলার পর্যায়ে সার বিতরণে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এ সারের বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।
ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এ সারের দাম ২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে
টিএসপি সারের ক্ষেত্রেও ডিলার পর্যায়ের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য ২৭ টাকা থাকছে।
অন্যদিকে, এমওপি সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এ সারের বিক্রয়মূল্য আগের মতোই ২০ টাকা নির্ধারিত রয়েছে।
চার ধরনের সারের ক্ষেত্রেই ডিলার পর্যায়ের নির্ধারিত দাম প্রতি কেজিতে ১ টাকা করে কমানো হয়েছে। অন্যদিকে কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকায় ডিলার পর্যায়ে প্রতি কেজিতে কমিশন দাঁড়াচ্ছে ৩ টাকা।
অর্থ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে কৃষকদের সারের জন্য বাড়তি অর্থ গুনতে হবে না। নতুন কমিশন কাঠামো কার্যকর হলেও ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কৃষকরা আগের নির্ধারিত দামেই কিনতে পারবেন।
