লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতির ওপর হামলা, আটক ১

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

একুশে টিভি লালমনিরহাট প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

হামলার শিকার সাংবাদিক গোকুল রায় (৮০) এখন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে বিকেলেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে দীর্ঘদিন থেকে সাংবাদিক গোকুল রায়ের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অনেকদিন থেকে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন সাংবাদিক গোকুল রায়কে হুমকি-ধমকি দিয়ে আসছে। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে তাকে বাড়িতে একা পেয়ে যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মন লোকজন নিয়ে হামলা চালায়। এসময় বৃদ্ধ সাংবাদিককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা এসে বয়োবৃদ্ধ সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রতিবেশী শাহজাহান মন্ডল বলেন, হঠাৎ অভিযুক্তরা দলে বলে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে তারা পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক গোকুল রায় বলেন, দীর্ঘদিন থেকে আমার গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় আমার মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি বেদখল করে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাকে আহত করেছে। এ ঘটনায় আমার ছেলে থানায় অভিযোগ দিয়েছে। একজন আটক রয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই। 

সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন