ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এএম

নেত্রকোনার মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মদন উপজেলা প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

তুলে নেওয়া বড় বোনের নাম বৃষ্টি আক্তার (১৭)। আহতের নাম শ্রাবন্তী আক্তার (১৩)। তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। দুই বোন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী নওধার গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টি, শ্রাবন্তী ও তাদের চার বছর বয়সী ভাতিজা ইমরান বাড়ি থেকে মদন সদরে আসে। বৃষ্টির মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে নবম শ্রেণির ফরম পূরণ করার কথা ছিল।

পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় উপজেলা প্রেস ক্লাবের সামনে দুই যুবক তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই যুবকেরা শ্রাবন্তীর মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যায়।

আহত শ্রাবন্তী পরে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পড়ে যায়। চা দোকানি রুবেল ও স্থানীয় কয়েকজনসহ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

চা দোকানি রুবেল মিয়া বলেন, মেয়েটি আহত অবস্থায় দৌড়ে আমার দোকানের সামনে এসে পড়ে যায়। পরে আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন সে অচেতন ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফরিন সুলতানা বলেন, শ্রাবন্তীর মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বোনকে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।

শ্রাবন্তীর চাচি দুলেনা আক্তার বলেন, বৃষ্টি নবম শ্রেণির ফরম পূরণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে আসেন। শ্রাবন্তীর জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বৃষ্টিকে উদ্ধারে অভিযান চলছে এবং মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা, বৃষ্টির সঙ্গে ওই যুবকদের আগে থেকে পরিচয় ও প্রেম সংক্রান্ত ঘটনা থাকতে পারে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন