সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা কবে, কখন?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

৫ নভেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। তবে উদ্বোধনী ম্যাচটি খেলবে ভারত ও পাকিস্তান। দুপুর সাড়ে তিনটায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মাঠে নামবে। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভূটান। রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচ। পাঁচদিন পর বাংলাদেশের পরের ম্যাচ ১১ নভেম্বর। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু হবে রাত ৮টায়।

মাঝে ৮ নভেম্বর দুপুরে মালদ্বীপ ও পাকিস্তানের ম্যাচ হবে দুপুর সাড়ে তিনটায়। সেদিন রাত ৮টায় খেলবে শ্রীলঙ্কা ও ভুটান। 

বাংলাদেশ নিজেদের গ্রুপে পেতে পারে নেপালকেও। ফিফার নিষেধাজ্ঞায় আছে নেপাল, ফলে ড্রতে রাখা হয়নি হিমালয়ের দেশটিকে। তবে সাফে অংশ নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। নেপালকে একটি নির্দিষ্ট সময় (আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে) বেঁধে দিয়েছে সাফ। সেই সময়ের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই সাফে খেলতে পারবে তারা। নেপাল খেলতে পারলে তাদের জন্য বিকল্প সূচি দেবে সাফ।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেবল ব্যর্থতা আর ব্যর্থতা। বাংলাদেশ ফুটবলের জাগরণের সময় চলছে। হামজা, সোমিত, মোরসালিনরা দেশের পতাকা উড়াচ্ছেন নিয়মিত। ভালোমানের ফুটবল উপহার দিচ্ছেন। আট বছর পর আবারও ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসর।

পরিচিত মাঠ, ঘরের দর্শকদের সমর্থন এবং স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে এবার দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে মুখিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ৪ থেকে (নেপালের অংশগ্রহণের প্রেক্ষিতে) ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে।

প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সেমি ফাইনালে উঠবে। সেমি ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। দুই সেমি-ফাইনালের বিজয়ীরা খেলবে ফাইনালে।

১৪ নভেম্বর একই দিনে দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকেল ৩টায়। দ্বিতীয় সেমিফাইনাল রাত ৮টা ৩০ মিনিটে। ১৭ নভেম্বর ফাইনাল শুরু হবে রাত ৮টায়। 

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। তারা এখন পর্যন্ত ৯ বার শিরোপা জিতেছে। মালদ্বীপ দুইবার এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন