বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পরই এ সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বিসিবিকে বিষয়টি জানিয়েছেন জ্যোতি। তবে সাদা বলের অন্য সংস্করণে তার নেতৃত্ব চালিয়ে যাওয়ার কথা জানা গেছে।
বিসিবিকে দেওয়া জ্যোতির চিঠির সত্যতা নিশ্চিত করেছেন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্তে কিছুটা নাখোশ তিনি। রফিকুল ইসলাম বলেন, ‘জ্যোতি জাপান থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে চায় না। ব্যাটিং ভালো হচ্ছে না বলে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ ওয়ানডেতে জ্যোতি নেতৃত্ব চালিয়ে যাবেন জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘ওয়ানডের দায়িত্ব পালন করবে। তবে তার এমন সিদ্ধান্তে আমরা খুশি নই। আগে আমাদের সঙ্গে আলোচনা করতে পারত।’
২০২১ সালে জাতীয় দলের নেতৃত্ব পান জ্যোতি। এর পর থেকেই দলের নিয়মিত মুখ তিনি। তার অধিনায়কত্বে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত ধারাবাহিকতা দেখা যায়নি। সর্বশেষ বিশ্বকাপেও পাঁচ ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে দলটি। তবে দলীয় সাফল্যের পাশাপাশি সম্প্রতি জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে। নেতৃত্ব নিয়েও গণমাধ্যমে প্রশ্ন উঠেছে। সবকিছুর মাঝেই এবার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
