সহজ ম্যাচ কঠিন করে জিতল রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

একের পর এক গোল মিসের খেসারত পয়েন্ট হারিয়ে দিতে বসেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় শিরোপাপ্রত্যাশীরা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে এলচে। আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েন মরিনহোর শিষ্যরা। তবে অতিরিক্ত সময়ে লেভান্তে থেকে ধারে আসা কার্লোস এসপির গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পাশে অবস্থান রিয়ালের।

এলচের মাঠ এস্তাদিও মার্তিনেজ ভালেরিওতে বুধবার রাতে ম্যাচের প্রথমেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। আনমার্কড ভিনিসিয়ুস জুনিয়র ব্যাকপোস্ট থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এরপর আর্দা গুলারের ক্রসে ডিন হুইসেনের হেড রুখে দেন এলচে গোলকিপার দিতুরো। এলচেও আক্রমণে উঠে আসে। ওসোরিওর একটি প্রচেষ্টা দুর্ভাগ্যজনকভাবে বাইরে চলে যায়।

এরপর আক্রমণের ঝড় বইয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ ২৫তম মিনিটে গোল করে এগিয়ে যায়। ফেদেরিকো ভালভার্দেকে ফাউল করেন সাঙ্গারে। গুলারের ফ্রি কিক গোলপোস্টে আঘাত করে। এ সময় এলচে কিপার দিতুরোর গায়ে লেগে বল জালে জড়ায়। ফরাসি বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পের গোলে সফরকারীরা ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডানপ্রান্ত থেকে ইয়ান দিওমান্দের বাড়ানো বল দিতুরোর বাঁ পাশ দিয়ে জালে ঠেলে দেন এমবাপ্পে। 

প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এলচে। ওসোরিওর শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। তেতে মোরেন্তের নিচু শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। এ সময় মরিনহোর দল নিজেদের ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে। গোলমুখের সামনে কয়েকবার ব্যর্থতার মাশুল দিতে হয় রিয়ালকে।

বদলি খেলোয়াড় লুকাস কেপেদার বাইলাইন থেকে ক্রসে ওসোরিও নিচু হেডে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান ১-২ করেন। দিওমান্দের একটি প্রচেষ্টা ব্লক করে এলচে এবং ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের একটি ফ্রি কিকে রিয়ালের সুযোগ নষ্ট হওয়ার পর দ্বিতীয় গোল পায় এলচে। ৮৩ মিনিটে পেনাল্টি এরিয়ার ভেতর ওসোরিওর পাসে নিচু কোনাকুনি শটে জাল কাঁপান ফার নিনো।

ড্রয়ের দিকে এগিয়ে যেতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল করেন বদলি নামা কার্লোস এসপি। ৮৭ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ডের বদলি নামার চার মিনিট পর জয়ের নায়ক হয়ে যান তিনি। বাঁ পাশ থেকে এমবাপ্পের ক্রসে ফাঁকা জালে বল জড়ান তিনি। তাতে প্রথম ছয় ম্যাচেই হার নিশ্চিত হয় এলচের।

লেভান্তে থেকে গ্রীষ্মের চুক্তিতে আসা কার্লোস এসপি চলতি মৌসুমে দ্বিতীয়বার বেঞ্চ থেকে উঠে এসে রিয়ালকে উদ্ধার করলেন। সম্প্রতি রিয়াল বেতিসের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে মাদ্রিদ। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে তারা হারায় ইন্টার মিলানকে। তারপর শনিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ৪-১ গোলের জয়।

সূত্র: ইএসপিএন

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন