পাবনা ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডলকে কুপিয়ে জখম করেছে রিপন নামের এক যুবক। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে।
মহির মণ্ডল ৫ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক। তিনি ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মণ্ডলের ছেলে। অভিযুক্ত রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার সিদ্দিক মুন্সির ছেলে।
আহত মহির মন্ডল কালবেলাকে বলেন, আজ সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণের কার্যক্রম পরিদর্শনে পাঠশালা মোড় এলাকায় যাই। সেখানে পূর্বপরিকল্পিতভাবে রিপন নামের এক যুবক আমার ওপর হামলা করে। অভিযুক্ত রিপন ধারালো অস্ত্রে দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। পরে রিপনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণেরও চেষ্টা করলে দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিই। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও বলেন, হামলার সময় অভিযুক্ত রিপন নামের ওই যুবক আমাকেসহ সলিমপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন হোসেনকে হত্যার হুমকি দিয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান কালবেলাকে বলেন, আহত মহির মণ্ডল বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সলিমপুর ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিশ চলাকালে চেয়ারম্যান মহির মণ্ডলসহ গ্রাম পুলিশের ওপর হামলা করে স্থানীয় কয়েকজন যুবক। সে সময়ও রিপন নামে ওই যুবক হামলায় জড়িত ছিলেন।
