সিরাজগঞ্জের দুই উপজেলায় গত তিন রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গোয়ালঘরের তালা খুলে পাঁচ কৃষকের ২০ গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তাড়াশ উপজেলা সদরের খুটিগাছা, বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি ও কুসুম্বী গ্রামে এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাগিচা গোয়ালপাড়া ও আদিত্যবাড়িয়া এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত দুইটা থেকে আড়াইটার দিকে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের হায়দার আলীর গোয়াল ঘরের তালা ভেঙে আটটি গরু চুরি করে চোরের দল। আট গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হায়দার আলী।
পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রায়গঞ্জ উপজেলার জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভি ও দুটি বকনা গরু চুরি হয়। একই রাতে উপজেলার আদিত্যবাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘গরু চুরির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত শুরু করেছি। চোর শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
এদিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামের মন্টু প্রামানিকের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে একই ইউনিয়নের কুসুম্বী গ্রামের দরিদ্র কৃষক সাজেদুল ইসলামের গোয়াল থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ‘পুলিশ চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।’
