মেসির শেষ ম্যাচে প্রতিপক্ষ বেনিন, দল কেমন?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ত স্মৃতিটাই লালন করছিল ভক্তদের হৃদয়। তবে এমন মলিন বিদায় মেনে নিতে পারেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বজয়ী এই অধিনায়ককে দেশের মাটিতে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে মাঠ ছাড়ার রাজকীয় সুযোগ করে দিচ্ছে তারা।

আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার আতিথেয়তা নেওয়ার পর ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর মধ্যে ৬ অক্টোবরের বেনিন ম্যাচটিকেই নির্ধারণ করা হয়েছে মেসির বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ‘লাস্ট ড্যান্স’ বা অফিসিয়াল বিদায়ী মঞ্চ হিসেবে। আর এই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে মহাতারকাকে। মেসির বিদায়ি ম্যাচের প্রতিপক্ষ হওয়ায় আফ্রিকার দেশ বেনিনকে ঘিরে এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল কৌতূহল। পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরের উপকূলে অবস্থিত দেড় কোটি জনসংখ্যার ছোট দেশ এটি।

টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজার ঘেরা ফরাসি ভাষাভাষী এই দেশটির রাজধানী পোর্তো-নোভো হলেও প্রধান অর্থনৈতিক কেন্দ্র কোতোনো। বৈশ্বিক অর্থনৈতিক সূচকে পিছিয়ে থাকলেও ফুটবলে তারা দিন দিন পরিচিত হয়ে উঠছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) অধীনে খেলা ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯৩ নম্বর দলটি কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এক অবিশ্বাস্য নাটকের জন্ম দিয়ে মূল পর্বের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। ২০২৫ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ খেলোয়াড় নামিয়ে ফিফার শাস্তির মুখে পড়লে টেবিলের শীর্ষে উঠে আসে বেনিন।

কিন্তু শেষ ম্যাচে ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হেরে অল্পের জন্য ইতিহাস গড়া থেকে বঞ্চিত হয় তারা। হাতছাড়া হওয়া সেই ঐতিহাসিক সুযোগের আফসোস ভুলে এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি। আর ফুটবলের মহাজাদুকর লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হতে পারাটাকেও বেনিন নিজেদের জন্য বড় এক গৌরব হিসেবেই দেখছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন