হবিগঞ্জে সড়কে বাসচাপায় যুবকের মৃত্যু

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বেপোরোয়া বাসের চাপায় শ্রাবণ সরকার (২৫) নামে এক যুবকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কতুবখানী হাওড় সংলগ্ন এলাকার আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার সুন্দন সরকারের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রাবণ সরকারসহ তিন যুবক মোটরসাইকেলে বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্য রওনা দেন। সকাল পৌনে ১০টার দিকে ওই স্থানে পৌঁছালে আজমিরীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস বেপোরোয়া গতিতে মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘঠনাস্থলে মৃত্যু হয় শ্রাবণ সরকারের। 

পরে শ্রাবণের সঙ্গে থাকা অপর দুই যুবক বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘঠনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন