শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীর চরের জঙ্গলের ভেতর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে স্থানীয়রা পদ্মা নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে ফাঁড়ির এসআই এনামুল হক সংযুক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি করেও ওই দিন মরদেহটির সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোত বেশি থাকায় মরদেহটি স্রোতের সঙ্গে অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা ছিল।
এরপর বুধবার সকালে মাঝিরঘাট নৌ-পুলিশের সদস্যরা আবারও নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পালেরচর এলাকার পদ্মা নদীর চরের জঙ্গলের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটির সন্ধান পান তারা। পরে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটির পরিচয় শনাক্ত করা গেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
