নিখোঁজ অস্ত্র ও গুলির তথ্য দিলেই মিলবে পুরস্কার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

রাজশাহী অঞ্চলে হারিয়ে যাওয়া সরকারি ১৬৪টি অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার হয়নি ১৬টি অস্ত্র। এসব অস্ত্রের সন্ধানে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকারি ঘোষিত নীতিমালা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় র‍্যাব-৫ সদর দপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

র‍্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া ১৬টি অস্ত্রের মধ্যে দুটি চায়না রাইফেল, ৫টি চায়না পিস্তল, ৬টি ১২ বোর শর্টগান এবং ৩টি গ্যাসগান রয়েছে।

র‍্যাব অধিনায়ক বলেন, হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার দেওয়া হবে। রাইফেল, এসএমপি ও স্নাইপারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে দুই লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। শর্টগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে পুরস্কার ৫০ হাজার টাকা করে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য দেড় হাজার টাকা এবং সব ধরনের গোলাবারুদের প্রতিটি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার দেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন