রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার নিশ্চয়তা ওআইসির

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ওআইসির নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

আলোচনায় সদস্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিস্তারে বাংলাদেশের পরিচালিত ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন ওআইসি মহাসচিব।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ গ্রহণের নিশ্চয়তা দিয়ে জানান, সফরের তালিকায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে যে, ওআইসিভুক্ত দেশগুলোর সম্পদের ভিন্নতা থাকায় তারা বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে একে অপরের পরিপূরক হতে পারে। চুক্তিভিত্তিক কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা, শিক্ষা এবং আরও বেশ কিছু উৎপাদনশীল খাত ও উপ-খাতে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের জন্য লাভজনক প্রকল্প বাস্তবায়ন করতে পারে বলে জানান মহাসচিব। 

এছাড়া ওআইসি মহাসচিব উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট যথাযথভাবে সমাধান করা না হলে দীর্ঘস্থায়ী আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সবার জন্য চরম দুর্ভোগের কারণ হতে পারে। 

এ সময় বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের প্রতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত জাবেদ বলেন, ‘আগামী দিনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ওআইসি সচিবালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করে বাংলাদেশ।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন