গাজীপুরে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি, শিল্পাঞ্চলে স্বস্তি: ডিসি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের অবস্থা জানতে গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিদ্যুৎ-গ্যাস সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, ‘শিল্পখাতের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

এ সময় তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র (স্টেশন) পরিদর্শন করেন।

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম ও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে শিল্প মালিকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।

গাজীপুরের শিল্পকারখানায় গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে আগে প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে তা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা প্রশাসক পরিদর্শনকালে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং এবং শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসন জানায়, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা এ জেলায় অবস্থিত। এসব শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিল্প মালিকরা চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পখাতে ক্ষতির পরিমাণও হ্রাস পাবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন