স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ শুরু হয়েছে। সারা দেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে পূর্বে নির্বাচনি প্রশিক্ষণ নেননি, এমন ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্যকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর জানায়, প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য। স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এসব পুলিশ সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।
বর্তমানে যেসব পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ নেননি, তাদের দুই দিনের প্রশিক্ষণ শেষ হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ নেওয়া সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।
