সিলেটে কবরস্থানের একটি গাছ থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
নিহত শিবলু আহমেদ হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন কানাইপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে পশ্চিম পীর মহল্লা এলাকার একটি কবরস্থানের গাছে শিবলুর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে শিবলুর মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত সম্পন্ন শেষে বুধবার বিকেল ৪টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম কালবেলাকে বলেন, নিহত শিবলু আহমেদ খান অত্যন্ত দরিদ্র ছিলেন। তার চারটি কন্যাসন্তান রয়েছে। ঠিকমতো উপার্জন বা রুজি-রোজগার না হওয়া এবং স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্য ও বনিবনা না থাকায় অভিমান ও চরম অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
