জার্মানির প্রথম স্কোয়াড ঘোষণাতেই ক্লপের চমক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

জার্মানি জাতীয় দলের নতুন কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই চমক দেখিয়েছেন জার্গেন ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশনস লিগের আগামী ৪টি ম্যাচের জন্য তিনি ৪৪ সদস্যের পৃথক দুটি স্কোয়াড (দল) ঘোষণা করেছেন। তবে এই মেগা স্কোয়াডে সবচেয়ে বড় চমক হচ্ছে দলের অন্যতম সেরা স্ট্রাইকার এবং বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের বাদ পড়া।

সাবেক এই লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ড কোচ আসন্ন আন্তর্জাতিক বিরতিতে জার্মানির হয়ে ৪টি নেশনস লিগ ম্যাচে নেতৃত্ব দেবেন। ম্যাচগুলো হবে নেদারল্যান্ডস, গ্রিস, সার্বিয়া এবং আবারো গ্রিসের বিপক্ষে।
প্রথম দুটি ম্যাচ খেলবে, যেখানে কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা এবং নিকো শ্লটারবেকের মতো তারকারা রয়েছেন।

দ্বিতীয় গ্রুপটি মুখোমুখি হবে সার্বিয়া ও গ্রিসের, যে দলে খেলবেন ফ্লোরিয়ান ভির্টজ, নিক ভোল্টেমাদে এবং করিম আদেয়েমিসহ অন্য খেলোয়াড়রা। জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউয়ের তথ্য অনুযায়ী, ক্লপ বলেন, ‘আমি যত বেশি সম্ভব খেলোয়াড়কে চিনে নিতে চাই। এখানে কোনো ‘এ’ বা ‘বি’ দল নেই। মাঠে খেলার ধরন, খেলোয়াড়দের চরিত্র এবং অভিজ্ঞতার কথা মাথায় রেখেই দল দুটি সাজানো হয়েছে।’
 
এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্লপের এক ভিন্নধর্মী ও নিয়মের বাইরে গিয়ে পথচলা শুরু হলো। এর আগে দায়িত্ব নিয়েই তিনি হুমকি দিয়েছিলেন, সংবাদমাধ্যমের অতিরিক্ত হস্তক্ষেপ বা অনেক বেশি সমালোচনা হলে তিনি পদত্যাগ করতে পারেন।

দলে ডাক পাওয়া অনেক খেলোয়াড়েরই এখনো জার্মানির সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নেই। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিবের মতো খেলোয়াড় আছেন, যারা শীর্ষ বিভাগের ক্লাব ফুটবলেও মাত্র হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন।

বুন্দেসলিগা ডটকমের বরাত দিয়ে নবাগতদের প্রসঙ্গে ক্লপ বলেন, ‘আমাদের এখানে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা আপনাদের চমকে দেবে, কিন্তু আমরা তাদের মধ্যে সম্ভাবনা দেখতে পাই এবং তাদের বিকাশে পাশে থাকতে চাই। বহু প্রতিভা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে- এত বেশি যে, কয়েকজনকে অন্তর্ভুক্তই করা হয়নি।’

নেশন্স লিগের লিগ পর্বে স্কোয়াডের ক্ষেত্রে একমাত্র বড় সীমাবদ্ধতা হলো- প্রতিটি ম্যাচের আগে মধ্যরাতের মধ্যে ২৩ খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে। তবে এক ম্যাচ থেকে পরের ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে। বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া দেনিজ উন্দাভের জায়গা হয়নি দলে। 
 
এমনকি গালাতাসারেইর উইঙ্গার লেরয় সানেও ক্লপের স্কোয়াডে নেই। ফলে জার্মানির হয়ে তার ৮০ ম্যাচের অভিজ্ঞতার ঝুলি আপাতত আর বাড়ছে না। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির নেশন্স লিগ অভিযান শুরু হবে। তিন দিন পর (২৭ সেপ্টেম্বর) গ্রিস এবং ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে খেলবে জার্মানি। ক্লপের দল ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে নামবে।

তথ্যসূত্র : ডিডব্লিউ

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন