নড়াইল জেলা পুলিশের পাঁচ পরিদর্শককে (ইনস্পেক্টর) বিভিন্ন থানা এবং ইউনিটে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমকে বদলি করে নড়াইল সদর রূপগঞ্জ ফাঁড়ির ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া লোহাগড়া থানার বর্তমান অফিসার ইনচার্জকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) ইনস্পেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে লোহাগড়া থানার নতুন ওসি হিসেবে লাইন ওয়ার মো. শরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, নড়াগাতি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে লাইন ওয়ার হোসেন আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালিয়া সার্কেল অফিসের ইনস্পেক্টর হিসেবে লাইন ওয়ার মো. মাসুদ রানাকে বদলি করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
