গাইবান্ধায় সড়কের অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ প্রশাসনের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেসক্লাব রোড, পিয়ারী স্কুলের সামনে এবং পোস্ট অফিসের সামনের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো সব দোকানপাট সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে সেগুলো উচ্ছেদ ও ভেঙে দেওয়া হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলে, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার এ আলম খানসহ অন্যান্যরা। প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ও সড়ক-ফুটপাত দখলমুক্ত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন