শ্রীলঙ্কাকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ইংল্যান্ডের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

টানা দুই ম্যাচে দাপুটে জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কার্ডিফের সোফিয়া গার্ডেনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১১৯ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি শ্রীলঙ্কা। তাদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে যায় মাত্র ১২.১ ওভারেই। ২৪ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন টম ব্যান্টন।

সোফিয়া গার্ডেনে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য ভালোই করেছিল তারা। প্রথম পাঁচ ওভারে ৫৫ রান তুলে ফেলেন পথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। তবে এরপরই খেই হারায় লঙ্কানরা। শেষ ১৫ ওভারে মাত্র ৯০ রান তুলতে গিয়ে হারায় ৯ উইকেট।

নিশাঙ্কা ২১ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। চারিথ আসালাঙ্কা করেন ৩১ রান, আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ২৭ রান। শেষ তিন ওভারে মাত্র ৭ রান যোগ করে ১৪৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল লিয়াম ডসন। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে টানা দুই বলে লাহিরু উদারা ও কামিল মিশারাকে ফেরান ডসন। এরপর মাঝের ওভারগুলোতে জেমি ওভারটন, আদিল রশিদ ও ডসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

জবাবে ইংল্যান্ডের শুরুটা ছিল আক্রমণাত্মক। জস বাটলার ৩০ রানে আউট হওয়ার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এর মাধ্যমে কাইরন পোলার্ডকে পেছনে ফেলে সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

হ্যারি ব্রুক করেন ২৩ রান। চার ইনিংস পর আউট হন ইংল্যান্ড অধিনায়ক। ৭ ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি। টম ব্যান্টনের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

ব্যান্টন মাত্র ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়। শেষ দিকে একাধিক নো-বল ও ওয়াইডে ম্যাচ আরও দ্রুত ইংল্যান্ডের নিয়ন্ত্রণে চলে আসে।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন