সড়কের কাজ পরিদর্শন করলেন চসিক মেয়র

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ দেখতে রাতে সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সড়কটির বিভিন্ন অংশ ঘুরে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকা নগরীর এ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। সড়কটির বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হওয়ায় চলাচলে স্বস্তি ফেরার প্রত্যাশা করছেন নগরবাসী। কার্পেটিংয়ের কাজ শেষ হলে সড়কটির যানচলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই সিটি করপোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কার বঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে মাঠপর্যায়ে থেকে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি তদারকি করা হচ্ছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন