রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত নতুন বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে রতনপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। বাড়িটি গোলাপি বেগমের চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসন উদ্যোগের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, লন্ডনে অবস্থানকালে গোলাপি বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অসুস্থতা ও অসহায়ত্ব বিবেচনায় নিয়ে চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করতে আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন তিনি। সেই উদ্যোগের ধারাবাহিকতায় গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে।
আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, গোলাপি বেগমের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে নিজ এলাকায় একটি নিরাপদ ঠিকানা দিতে পেরে তারা আনন্দিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের ২৪ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
আমরা বিএনপি পরিবার জানিয়েছে, প্রায় এক বছর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুরে তাঁর জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে রতনপুর গ্রামে বাড়িটি নির্মাণ করে আমরা বিএনপি পরিবার। চলতি বছরের এপ্রিলে বাড়িটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাড়িটির চাবি গোলাপি বেগমের হাতে তুলে দেওয়া হলো।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবারের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।
