ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৮ জনকে আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাঁসের চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে সাতজনকে আটক করা হয়। এ সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক সাত ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
তিনি জানান, অভিজানে জব্দ ড্রেজার ও বাল্কহেড কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
