বগুড়ার শেরপুরে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম ওই এলাকার বাসিন্দা। তিনি ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচ বছর আগে আব্দুল আলীমের বাবা ও মা রংপুর থেকে এখানে এসে ভাড়া বাসা নেন। তারা চিটাভাঙ্গা মিলে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে শুক্রবার সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে তারা দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আব্দুল আলীমকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান তার বাবা। পরে তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকায় শান্ত-শিষ্ট হিসেবে পরিচিত আব্দুল আলীম। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। কোনো খারাপ অভ্যাসও ছিল না। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে প্রেমঘটিত বিষয় বলে ধারণা করলেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি জানার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।’
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।’
