বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম

যশোরের বেনাপোলে পৌর বাস টার্মিনালের সামনে পৌর স্কেলের পার্কিং এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয়দের কাছে ওই নারী মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর স্কেলের পার্কিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর স্কেলে দায়িত্ব পালনরত আনসার কমান্ডার মো. খাইরুল ইসলাম পার্কিং এলাকায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানান।

খবর পেয়ে জরুরি ডিউটিতে থাকা টহল দলের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মৃত নারীর কাছ থেকে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি। তার নাম-পরিচয় শনাক্তে স্থানীয়ভাবে অনুসন্ধানসহ প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।’

পুলিশ আরও জানায়, মৃত নারীর পরিচয় শনাক্ত করা গেলে তার পরিবারের সদস্যদের সন্ধান ও পরের আইনি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন