চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে আয়োজিত একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিছিলটি শনিবার বিকেলে উপজেলার পরৈকোড়া এলাকার প্রধান সড়কে করা হয়েছে। তবে এ মিছিল কখন হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মিছিলের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও ছবি লিখা রয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ২ মিনিট ৪৬ সেকেন্ডের। এতে দেখা যায়, মিছিলে ৪০ থেকে ৫০ জন কর্মী যুক্ত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। 

এরআগে ১৫ আগস্ট ভোরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। পরদিন আনোয়ারা থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়। এতে নাশকতার অভিযোগ আনা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের কোনো তথ্য নেই। ভিডিওটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন