ভারতের বিপক্ষে ফের হারের লজ্জা, ৮১ গুটিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে শেফালি বর্মার তাণ্ডবে কার্যত খড়কুটোর মতো ভেসে গেল বাংলাদেশ। শেফালির ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে ভর করে বাংলাদেশকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যা ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালেরই পুনরাবৃত্তি।

রোববার (২০ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ভারতীয় ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা তাণ্ডব শুরু করেন। পাওয়ারপ্লেতেই দুজনে মিলে স্কোরবোর্ডে তোলেন ৭২ রান। সুজি বেটসকে টপকে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রাহক হওয়ার পাশাপাশি নিজের শততম ছক্কার মাইলফলক স্পর্শ করেন স্মৃতি। ৩৭ রান করে নাহিদা আক্তারের বলে স্মৃতি আউট হওয়ার পর নামা জি কামালিনী ১০ বলে মাত্র ৩ রান করে ফিরলে ভারতের রান তোলার গতি কিছুটা কমে।

তবে অন্য প্রান্তে শেফালি ছিলেন অপ্রতিরোধ্য। ছক্কা হাঁকিয়ে ফিফটি ছোঁয়ার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ওভারবাউন্ডারির দেখা পান তিনি। এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌরকে (৪০) সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৯৪ রানের বিধ্বংসী জুটি শেফালি। নাহিদা ও মারুফা আক্তারের এক ওভারে ২২ রানসহ বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান শেফালি। ইনিংসের একেবারে শেষ বলে কাভার-পয়েন্টে ঠেলে নিয়ে পূর্ণ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৪৯ বলে ৯টি ছক্কা ও ৩টি চারে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার এই ঐতিহাসিক ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে ভারত।

১৯৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেটের পতন ঘটে বাংলাদেশের। দিলারা আক্তার (২৭) ও অধিনায়ক নিগার সুলতানার (৯) ২৯ রানের জুটি ছাড়া বাকিদের ব্যাটে ছিল চরম ব্যর্থতা। দিলারা ও নিগার ছাড়া মোটে একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন।

ভারতের স্পিন ও পেসের যৌথ আক্রমণের মুখে পড়ে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জন্মদিন স্মরণীয় করে রাখতে বল হাতে নেমে নিজের প্রথম বলেই উইকেট পান নন্দিনী শর্মা, পরে নেন আরও দুটি (৩/২৫)। স্পিনার দীপ্তি শর্মা ৭ রানে ৩টি এবং শ্রী চরাণী ৭ রানে নেন ২ উইকেট।

প্রসঙ্গত, এক সপ্তাহে আগে নারী এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে ৪০ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।  

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন