আর্জেন্টাইনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে বাঁচালেন ব্রাজিল ফরোয়ার্ড

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানচেষ্টার ইউনাইটেড। তবে ব্রাজিল ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামের মাঠ থেকে এক পয়েন্ট উদ্ধার করে অলরেডরা। আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের পর ১-১ গোলে ড্র করল তারা।

বল ক্লিয়ার করতে গিয়ে ফুলহ্যামকে এক অবিশ্বাস্য গোল উপহার দিয়ে নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলেছিল ম্যানইউ। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর পয়েন্ট টেবিলের নিচের অর্ধে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল মাইকেল ক্যারিকের দল।

যদিও আত্মঘাতী গোলের পুরো দায়ভার আর্জেন্টাইন ডিফেন্ডারের ওপর দেওয়া যায় না। কিছুটা দায় গোলকিপারেরও ছিল। ক্যালভিন বাসির শট চাইলে হাত দিয়ে ধরতে পারতেন সেনে লামেন্স। কিন্তু তিনি ঊরু দিয়ে বল ঠেকান। তার পায়ে লেগে বল চলে যায় মার্টিনেজের কাছে। তার ভুল ব্যাকপাস থামাতে ম্যানইউ কিপারের প্রচেষ্টাও ছিল এলোমেলো।

ফুলহ্যামকে এগিয়ে দেওয়া ওই গোলে ভুল ছিল কুনহারও। মাঝমাঠে তিনি বল কেড়ে নিতে না পেরে পড়ে যান। কোনো বাধা ছাড়া বল নিয়ে বাসি দৌড়ে যান ম্যানইউর বক্সে। সেই ভুল শুধরে নিয়ে ৮৯তম মিনিটে শট নেন, যেটি ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে ম্যানইউ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন