মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বাজে হার, কাঠগড়ায় এমবাপ্পে-ভিনিসিয়ুস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল রিয়াল। ১০ জনের দলে পরিণত হওয়ার পর জোড়া গোল হজম করে শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে গোলডটকম জানিয়েছে, রিয়ালের এই ছন্দহীন পারফরম্যান্সের পেছনে মূলত কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মাঠের পজিশনিং দায়ী। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, পুরো প্রথমার্ধজুড়ে এমবাপ্পে ও ভিনিসিয়ুস কার্যত একই পজিশনে খেলেছেন, যা রিয়ালের আক্রমণভাগের সমন্বয়হীনতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

সপ্তাহজুড়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও কোচ হোসে মরিনহো তার সিদ্ধান্ত বদলাননি। বেলিংহাম ও আরদা গুলারের পাশাপাশি এমবাপ্পে এবং ভিনিসিয়ুস দুজনকেই শুরুর একাদশে নামান তিনি। ব্যক্তিগত দক্ষতায় এই চার ফুটবলার অতুলনীয় হলেও হাই-প্রেসারের ম্যাচে তাদের মধ্যে ভারসাম্যের অভাব দেখা গেছে।

লেকিপ-এর প্রতিবেদনে বলা হয়, পুরো প্রথমার্ধে এমবাপ্পে ও ভিনিসিয়ুস প্রায় একই জায়গায় দাঁড়িয়ে খেলছিলেন। এটি রিয়াল মাদ্রিদের দলগত বিশৃঙ্খলা এবং খেলোয়াড়দের পজিশন ঠিক না থাকার একটি স্পষ্ট দৃশ্য ছিল।

দুজনকে নিজস্ব শক্তিতে খেলার সুযোগ না দিয়ে বারবার একই জায়গায় পজিশন ওভারল্যাপ করা রিয়ালের আক্রমণকে ভোঁতা করে দেয়। বড় কোনো ম্যাচে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং খেলোয়াড়দের ভূমিকার অস্পষ্টতা আবার স্পষ্ট করে দিল মাদ্রিদ ডার্বির এই হার।

সূত্র: গোলডটকম

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন