আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

আর্জেন্টিনাকে সরাসরি তিন সেটে হারিয়ে দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করেছে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা।

রোববার (২০ সেপ্টেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানাজিনহো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ সেটে হারায় স্বাগতিকরা। তিন সেটের স্কোর ছিল ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০।

পুরো টুর্নামেন্টেই ছিল ব্রাজিলের আধিপত্য। পাঁচ ম্যাচের সবকটিতে জয় পাওয়ার পাশাপাশি কোনো সেটও হারেনি তারা। এই জয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শিরোপার সংখ্যা দাঁড়াল ৩৪টি। এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৬ আসরের মধ্যে ৩৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ফাইনালে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ২৩ পয়েন্ট করেন দারলান দে সুজা। অধিনায়ক রিকার্দো লুকারেলি ও ফ্লাভিও গুলবার্তো করেন ৮টি করে পয়েন্ট। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট করেন লুসিয়ানো ভিসেন্তিন।

শিরোপা জয়ের পাশাপাশি এই ফল ব্রাজিলকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতাও এনে দিয়েছে। ভলিবল ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে প্রতিটি অলিম্পিকেই অংশ নিয়েছে ব্রাজিলের পুরুষ দল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা।

ফাইনালের পর দারলান বলেন, ‘শিরোপা জেতা এবং অলিম্পিকের জায়গা নিশ্চিত করা আমাদের জন্য স্বস্তির। অনেকেই এখন আমাদের ওপর বিশ্বাস করেনি। আমরা দৃঢ়তা ও সংকল্প দেখিয়েছি। কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। আমরা কখনো হাল ছাড়িনি এবং দল হিসেবে ঐক্যবদ্ধ ছিলাম।’

এদিকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছে চিলি। বলিভিয়াকে ৩-০ সেটে হারিয়ে ২০২৭ সালের এফআইভিবি পুরুষ বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন