এপিএলে নাম লেখালেন তাসকিন, দেখতে চান কোন দলে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বুধবার এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বসবে প্লেয়ার্স ড্রাফট। অফিসিয়ালি জানানো হয়েছে এক হাজারের অধিক খেলোয়াড় নিবন্ধন করেছেন, যাদের মধ্যে পাঁচশতের অধিক খেলোয়াড়ই বিদেশি।

এপিএলের অফিসিয়াল পেজে তাসকিনের নিবন্ধনের খবর দিয়ে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছেন।’

পোস্টটির সঙ্গে তাসকিনকে কোন দলের হয়ে দেখতে চান, সেটিও জানতে চেয়েছে এপিএল কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়েছে, ‘আপনি তাকে কোন দলের প্রতিনিধিত্ব করতে দেখতে চান?’

তবে এখনো তাসকিন ছাড়াও আর কে কে নিবন্ধন করেছেন, সেটি জানানো হয়নি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলা এই ডানহাতি পেসার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিয়েছেন।

এপিএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের নিবন্ধনের খবর প্রকাশের পর তার সম্ভাব্য দল নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, টুর্নামেন্টের আসন্ন মৌসুমে কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যায় বাংলাদেশের এই পেসারকে।

তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছে এপিএল ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন