২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আর্জেন্টিনার। শুধু তাই নয়? শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহতির মতোও বড় ঘটনার জন্ম দেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপর থেকেই সময়টা বেশ টালমাটাল আর্জেন্টিনার।
তার ওপর দলের অন্যতম ভরসা লিওনেল মেসির অবসর। চলতি বছরে শেষ হচ্ছে প্রধান কোচ লিওনেল স্কালোনির মেয়াদ। সবকিছু নিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন লিওনেল স্কালোনি।
সোমবার রাতের রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ এবং কোচের চুক্তি নবায়নের বিষয় প্রধান্য পায়। লাতিন আমেরিকাভিত্তিক প্রখ্যাত ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি প্রকাশ করেছেন স্কালোনি। যদিও আর্থিক লেনদেনের বিষয়গুলো এখনো চূড়ান্ত হওয়া বাকি। তবে নতুন চুক্তিটি দুই বছরের জন্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডি-স্পোর্টসের সাংবাদিক ফের্নান্দো চিজ ও এরনান সিস্তোর প্রতিবেদন অনুযায়ী—সপ্তাহান্তে রোজারিওতে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ম্যাচ দেখার পর স্কালোনি পুহাতোতে যান এবং এএফএ শীর্ষ নেতৃত্বের সাথে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ করেন। আলবিসেলেস্তে কোচ ২০৩০ সাল পর্যন্ত আরো দুই বছর চুক্তি বাড়ানোর সুযোগ রেখে প্রাথমিকভাবে আগামী দুই বছরের জন্য চুক্তি নবায়নে আগ্রহ দেখিয়েছেন।
গত সোমবার রাতে দুপক্ষের আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন কেবল অর্থসংক্রান্ত কিছু বিষয়ের সুরাহা হওয়া বাকি, আর তার থেকে যাওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ।
চুক্তির বিশদে জানা গেছে, তিনি প্রথমে কোপা আমেরিকা পর্যন্ত দুই বছরের চুক্তিতে থাকবেন এবং পরবর্তীতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আরও দুই বছর তা বাড়ানো হতে পারে। এর মাধ্যমে লিওনেল মেসি-উত্তর যুগে আর্জেন্টিনা দলের পরিবর্তনের ট্রানজিশন পর্যায়টির দেখভালের দায়িত্বেও থাকছেন স্কালোনি।
২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্কালোনি। যদিও পরক্ষণে তিনি জানিয়েছিলেন নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর নতুন সিদ্ধান্ত নেবেন। তবে মেসি-পরবর্তী আর্জেন্টিনার দেখভালের জন্য স্কালোনিকে বারবার অনুরোধ করে ফেডারেশন। শেষ পর্যন্ত হয়তো তিনি থেকেই যাচ্ছেন আলবিসেলেস্তে শিবিরে।
তথ্যসূত্র : ইয়াহু স্পোর্টস
