প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানো এবং জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি এস. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম. এ. মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বৃদ্ধির কার্যক্রম চলছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এ সময় জনস্বাস্থ্য সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পুষ্টি বিষয়ে গবেষণা এবং হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। শিশুদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘শিশু স্বর্গ’ নামক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
এছাড়া প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সর্বোপরি চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নে আরও সচেতন থাকার জন্য কমিটি সুপারিশ করে। পাশাপাশি দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করা এবং ‘ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ’ থাকার পরামর্শ দেওয়া হয়।
হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
