ব্যালন ডি’অর দৌড় থেকে ছিটকে যাচ্ছেন এমবাপ্পে-ইয়ামাল!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ব্যালন ডিঅর নিয়ে অতিরিক্ত আত্মপ্রচার এবং নিজেদের দাবি বারবার জাহির করায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড় থেকে ছিটকে যেতে পারেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাসকাল ফেরের মতে, এই অতি প্রচার ভোটারদের বিরক্ত করতে পারে।

ফরাসি পত্রিকা ‘লে পারিসিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকারে পাসকাল ফেরের বলেন, ভোটাররা অবুঝ নন। তারা জানেন কীভাবে একজন খেলোয়াড়কে নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হয়। খেলোয়াড়দের মুখে বারবার নিজেদের সেরার কথা শুনতে শুনতে ভোটারদের মনে এক ধরনের বিরক্তি তৈরি হতে পারে, যা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর সাবেক প্রধান ও ব্যালন ডি’অর আয়োজনের সঙ্গে যুক্ত থাকা ফেরের আরও জানান, ভোটাররা ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে- এই তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে ভোট দিয়ে থাকেন।

অন্যদিকে, কাঙ্ক্ষিত এই পুরস্কারের লড়াইয়ে থাকা হ্যারি কেইন তুলনায় বেশ চুপচাপ রয়েছেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৩ গোল করে সম্প্রতি গোল্ডেন বুট জিতেছেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে গোলকেই একমাত্র মাপকাঠি মানতে নারাজ বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তার মতে, মাঠের খেলায় যে খেলোয়াড় দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দেন এবং বাকিদের থেকে আলাদা হয়ে ওঠেন, তিনিই প্রকৃত সেরা।

এদিকে, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে শিরোপাহীন একটি মৌসুম কাটানোর পরও নিজেকে ফেভারিট মনে করেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। তার মতে, পুরস্কারটি দলীয় নয়, বরং ব্যক্তিগত পারফরম্যান্স ও জাদুকরী মুহূর্তের ওপর ভিত্তি করেই দেওয়া উচিত।

চলতি মৌসুমে এমবাপ্পে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন। অন্যদিকে, বার্সেলোনার হয়ে লা লিগা জেতা লামিন ইয়ামাল ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পে ও ইয়ামালের পাশাপাশি হ্যারি কেইন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উসমান দেম্বেলে এবং রদ্রিও ব্যালন ডি’অরের এই লড়াইয়ে ফেভারিট হিসেবে রয়েছেন।

সূত্র: গোলডটকম।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন