“নবীন আগন্তুক, নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক।”
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
এক ঝাঁক নবীন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেএফটি ক্যাম্পাস। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা নবীনদের উদ্দেশে শুভকামনা জানিয়ে বক্তব্য দেয়। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী তানভীর ও ইনিভা নিজেদের অনুভূতি ব্যক্ত করে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে টিফিন ব্যাগ, ক্লাস রুটিন, বুকলিস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি আব্দুল হান্নান অপু। তিনি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
কেএফটি ট্রাস্টের কোষাধ্যক্ষ জনাব মাজহার শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি কেএফটির নিয়ম-নীতি, শিক্ষাব্যবস্থা, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলা এবং ভালো ফলাফলের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কলেজের প্রভাষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
পরে সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, দলীয় অভিনয় ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গার্লস উইং সমন্বয়ক বদিউল আলম বাবু।
সবশেষে নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন এই নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
