নোয়াখালীর সুবর্ণচরে সরকারি স্থাপনা ভেঙে দলীয় কার্যালয় স্থাপনের সংবাদ প্রকাশের পর বিতর্কিত স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের উপস্থিতিতে বিএনপি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত স্থাপনাটি অপসারণ করা হয়।
এর আগে, সরকারি অর্থায়নে নির্মিত একটি শৌচাগার ভেঙে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে কালবেলায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত স্থাপনা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়মনীতি অনুসরণ করা প্রয়োজন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্নও দেখা দেয়।
সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের উদ্যোগে স্থাপনাটি ভেঙে ফেলা হয়। এ সময় ওই আসনের সংসদ সদস্য মো. শাহজাহানসহ বিএনপি দলীয় নেতাকর্মী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, ভূমি কর্মকর্তা চেনমং রাখাইন ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, দলের নাম বিক্রি করে যদি ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাশত করবো না।
এ সময় তিনি আরও বলেন, যেখানে টয়লেট ছিল, সেখানে পুনরায় টয়লেট নির্মাণ করা হবে। যাতে বাজারে আগত লোকদের কষ্ট না হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
