প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে এসে সফরসূচিভুক্ত বিভিন্ন ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি।

এ সময় পরশুরাম মুহুরি নদী স্টিল ব্রিজ জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাকবাংলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন এবং সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন