ফ্রান্স শিবিরে শঙ্কার ঘণ্টা বাজিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যার প্রতিধ্বনি পৌঁছেছে রিয়াল মাদ্রিদেও। চোটের কারণে এর আগেই ফ্রান্স ক্যাম্প থেকে ছিটকে গেছেন ইব্রাহিমা কোনাতে, এবার তুরস্কের বিপক্ষে ম্যাচে হাঁটুতে ব্যথা পেলেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।
উয়েফা নেশনস লিগে ফ্রান্সের প্রথম ম্যাচে ৫৪তম মিনিটে জয়সূচক গোলটি করার পরও চোট পান তিনি। যে গোলের হাত ধরে জাতীয় দলের ডাগআউটে শুরু হয়েছে জিনেদিন জিদান–অধ্যায়।
বাঁ প্রান্ত দিয়ে ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে শট নেওয়ার জন্য পা টেনে নিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু উদ্যাপনের মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে, কিছু একটা গড়বড় হয়েছে।
ব্যথাটা মূলত তার বাঁ পায়ে লেগেছে, শট নেওয়ার সময় মাটিতে ভর দিয়ে ছিল ওই পা-ই। বলে শট নেওয়ার পর স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া হিসেবে ছোট একটা লাফ দেন এমবাপ্পে, এরপর উদ্যাপন করতে গিয়ে থমকে দাঁড়ান।
প্রাথমিক পরীক্ষার জন্য ফ্রান্স দলের চিকিৎসকরা দ্রুত মাঠে ছুটে যান। এমবাপ্পে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঠে ফিরে প্রথম দৌড়টা দিতে গিয়েই আবারও বসে পড়েন এবং বদলি খেলোয়াড় নামানোর ইশারা করেন।
তার বদলি হিসেবে দেজিরে দুয়ে মাঠে নামার আগে ব্যথায় কাতর এমবাপ্পের হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্যই পরিস্থিতি কতটা খারাপ সেটির ইঙ্গিত দিচ্ছিল।
গত মৌসুমেও এই বাঁ হাঁটুতে সমস্যার কারণে দুবার মাঠের বাইরে ছিটকে যেতে বাধ্য হয়েছিলেন এমবাপ্পে। সে সময় জানা গিয়েছিল যে, চোট পাওয়া ওই হাঁটুর প্রথম পরীক্ষাই নাকি ঠিকমতো করেনি মেডিকেল দল।
